সিসি নিউজ।। স্কুল ও কোচিংয়ে যাওয়ার পথে নিয়মিত উত্যক্ত করার প্রতিবাদ করায় দশম শ্রেণীর এক ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙ্চুর, মারধর করেছে বখাটের পরিবার। ঘটনাটি ঘটেছে রোববার (২১ আগস্ট) সকাল ১০ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী বদিয়তপাড়ায়। এ ঘটনায় সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা আফরোজা বেগম শিল্পী।
উত্যক্তের শিকার ছাত্রীটি বলেন, বাড়ির পাশে ছমির উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ি। স্কুল ও কোচিংয়ে যাতায়াতের পথে প্রায়ই কিছু বখাটে ছেলে বেশ কিছুদিন ধরে অশ্লীল অঙ্গভঙ্গি করে আমাকে উত্যক্ত করে আসছে। অনেক নিষেধ করা সত্বেও তারা বিরত হয়না।
এরই ধারাবাহিকতায় রোববার সকালে কোচিং থেকে বাড়ি যাওয়ার পথে বুড়ির বাজার কমিউনিটি ক্লিনিক হতে বদিয়তপাড়ার মাঝের দোলায় আমাকে একা পেয়ে উত্যক্ত করতে থাকে প্রতিবেশী আলামিন (২০), আলমগীর (১৮) ও আইনুল (১৬)।
এসময় প্রতিবাদ করলে তাদের সাথে থাকা ছোট ছোট আরও কয়েকজন ছেলেকে দিয়ে রাস্তার পাশের ফসলী জমি থেকে কাদা তুলে আমার দিকে নিক্ষেপ করে। এছাড়াও রাস্তার ভাঙা অংশ থেকে পাথর ও খোয়া তুলে ঢিল মারে। এতে আমি আহত হই এবং আমার জামা কাপড় ও বইয়ের ব্যাগ কর্দমাক্ত হয়। রাগে ধাওয়া করে আইনুলকে ধরে গালে থাপ্পড় দিলে সবাই পালিয়ে যায়।
এমতাবস্থায় আমি বাড়িতে ফেরার মাত্র আধাঘণ্টা পর আইনুল, আলামিন ও আলমগীর সহ তাদের পরিবারের লোকজন আমাদের বাড়িতে হামলা চালায়।
ছাত্রীটির বাবা আনসার ভিডিপি সদস্য শরিফুল ইসলাম জানান, ঘটনার পরপরই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনের কাছে বখাটেপনার বিচার এবং মেয়ে ও তার পরিবারের সদস্যের জীবনের নিরাপত্তার দাবী করেন তিনি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।