খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ মাসকলাই উৎপাদন বৃদ্ধির জন্য ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-২ মৌসুমে দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক ও কৃষকগণ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের আওতায় উপজেলার ছয় ইউনিয়নের মোট ৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি প্রতি বিঘা জমির জন্য ০৫ কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডিএপি সার ও ০৫কেজি এমওপি সার প্রদান করা হয়।