সিসি নিউজ ।। নীলফামারীতে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে ৩০০ এবং সৈয়দপুরে ৪০০ দরিদ্রের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি চত্বরে এবং বিকেলে সৈয়দপুর শহরের শহীদ তুলসীরাম সড়কের কেন্দ্রীয় পূজা মন্ডপে এসব বস্ত্র বিতরণ করে মন্দির কমিটি।
নতুন কাপড়ের মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও শিশুদের জন্য শার্ট-প্যান্ট। এ সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, সহ-সভাপতি বাবলা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ঝন্টু ভৌমিক ও অর্থ সম্পাদক স্বাগত সরকার মনন উপস্থিত ছিলেন।
এদিকে সৈয়দপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজকুমার পোদ্দার রাজু জানান, সকলের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতে কমিটির সদস্য ও স্থানীয়দের অর্থায়নে অসহায় এবং দরিদ্রদের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে ওইসব কাপড় বিতরণ করেন।