সিসি নিউজ।। নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় হারিয়ে যাওয়া দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (০৬ নভেম্বর) সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির বাবা-মায়ের হাতে তুলে দেন নীলফামারী সদর থানা পুলিশ।
হারিয়ে যাওয়ার শিশু দুটি জেলা সদরের টেক্সটাইল বারোঘরিয়া মাষ্টারপাড়া এলাকার মো. নূর রহমানের দুই ছেলে মো. ইন্টু (০৪) ও মো. আরমান (০৩)।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, আজ রোববার বিকেলে নীলফামারী শহরের চৌরাঙ্গী মোড়ে শিশু দুটি পথ ভ্রষ্ট হয়ে কাঁদতে থাকে। এ সময় স্থানীয়রা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তারুল আলমকে বিষয়টি অবগত করে। পরে ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অবুঝ শিশু দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া নেন। তারপর তিনি বিট অফিসারের মাধ্যমে সকল বিটে সংবাদ দেওয়া হয়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ স্থানীয় সংবাদ মাধ্যমে শিশু দুটির নিখোঁজ সংবাদ দেওয়া হয়। এক ঘন্টার মধ্যে অবুঝ শিশু দুটির বাবা-মা ও নানা নানির খোঁজ পাওয়া গেলে তাদের থানায় ডাকা হয়। পরে শিশু দুটিকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
শিশু দুটির মা লিজা খাতুন বলেন, তাদের নানা-নানির সাথে এক আত্মীয় বাড়িতে যাওয়া সময় অটো থেকে নামতে গিয়ে হারিয়ে যায়। তারপর থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। তাদের কোনো খোঁজ না পেয়ে অনেক চিন্তায় ছিলাম আমরা। পরে পুলিশের সহায়তায় তাদের ফিরে পেয়েছি। পুলিশকে অনেক ধন্যবাদ।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমাদের পুলিশ সদস্যরা গিয়ে শিশু দু’টিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাদের পরিবারের খোঁজ করে তাদেরকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।