সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় যুবলীগ নেতা কর্তৃক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আয়োজনে শহরের স্বাধীনতা চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামছুল হক প্রমুখ। বক্তারা, জেল হত্যা দিবসের কর্মসূচীতে মুক্তিযোদ্ধা তবিবুল ইসলামকে লাঞ্ছিত ও অপমানিত করার ঘটনার মূলহোতা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ডিমলায় নেই। এখানে বীর মুক্তিযোদ্ধারাও মূল্যহীন। এই বাংলাদেশ দেখার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। তিনি বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার আমাকে লান্ঞ্চিত করেছে। মুক্তিযোদ্ধাদের রাজাকার বলে অপমান করেছে।