সিসি নিউজ ।। মিথ্যা বিয়ের প্রলোভন দিয়ে নীলফামারীর সৈয়দপুরের মিনহাজুল ইসলাম ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে লেবানন প্রবাসী ময়না খাতুনের। প্রতারণার বিষয়টি প্রকাশ হলে যুবতীর মা ফাতেমা বেগম নিজে বাদী হয়ে বিজ্ঞ সাইবার অপরাধ দমন ট্রাইবুন্যাল রংপুরে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ প্রতারক মিনহাজুলকে রোববার রাতে তারাগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে।
সূত্র মতে, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নিচিন্তপুর এলাকার জায়গীর হাটের আব্দুস সালামের মেয়ে ময়না খাতুন বিগত এক যুগ ধরে লেবাননে গৃহ পরিচারিকা হিসেবে চাকুরি করছেন। ২০১৮ সালের দিকে ফেসবুকে ময়নার সাথে পরিচয় হয় মিনহাজুলের। সে নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। গড়ে উঠে গভীর প্রেম। মিনহাজুল নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দিলে ময়না তার প্রস্তাব মেনে নেন।
এই সূত্র ধরে মিনহাজুল ঢাকায় বাড়ি কেনার জন্য ময়নাকে ৪০ লাখ টাকা পাঠানোর তাগিদ দেন। ময়না বিভিন্ন সময়ে ২৫ লাখ টাকা পাঠান। সে আরো টাকা পাঠানোর চাপ দিলে তার আচরণে সন্দেহ হয় ময়নার। বিষয়টি তার স্বজনদের কাছে জানালে তাঁর মা ফাতেমা বেগম নিজে মিনহাজুলের বাড়িতে আসেন। জানতে পারেন মিনহাজুল বিবাহিত এবং দুটি সন্তানও রয়েছে তার। বাদীনি মিনহাজুলের সাথে টাকার ব্যাপারে কথাবার্তা বললে সে গালিগালাজ করে বাদীনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ ঘটনার পর ফাতেমা বেগম বিজ্ঞ সাইবার অপরাধ দমন ট্রাইবুন্যাল রংপুরে মামলা দায়ের করেন।
এই ঘটনায় সৈয়দপুর থানার এসআই পলাশ চন্দ্র বর্মন আসামী মিনহাজুলকে রোববার রাত সাড়ে ১০টায় রংপুর জেলার তারাগঞ্জ বাসষ্ট্যান্ডের একটি হোটেল থেকে গ্রেফতার করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সোমবার আদালতের মাধ্যমে তাকে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।