সিসি নিউজ ।। নীলফানারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে পৌরসভার পশ্চিম পাটোয়ারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল একই এলাকার আবুল কাশেম বাবুর ছেলে। সে স্থানীয় হামিউস সুন্নাহ্ ফয়জুল উলুম ক্বওমী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।
এদিকে আজ শনিবার সকাল ১০টার দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতির সময় আত্বীয়-স্বজন ও এলাকার লোকজন থানায় জড়ো হন। তাঁরা ময়নাতদন্ত না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
নিহত ছাত্রের বাবা আবুল কাশেম বাবু জানান, আমার ছেলে দূর্ঘটনায় মারা গেছে। এ ঘটনায় কেউ দায়ী নয়। পুলিশকে লিখিত অনাপত্তি দেয়া সত্ত্বেও মরদেহের ময়নাতদন্ত করছে। মানবিক বিষয়টি পুলিশ এড়িয়ে গেল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উল্লেখিত সময় মাদ্রাসায় ফ্রিজে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় রবিউল। এ সময় গুরুতর আহত অবস্থায় মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা রবিউলকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ যখন হাসপাতালে মরদেহ নিতে যায় সেই সময় তার আত্বীয়-স্বজন দাবি করেন তাকে হত্যা করা হয়েছে। পরে সকালে তাঁরাই আবার এটিকে দূর্ঘটনা দাবি করে ময়নাতদন্ত না করার জন্য অনুরোধ করেন। তাই মৃত্যুর সঠিক কারণ জানার জন্যই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।