নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে বুধবার সকাল ৯টার দিকে নীলফামারী সরকারি কলেজ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুষ্পমাল্য অর্পণ কর্মসূচিতে অংশ গ্রহন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পমাল্য অর্পণ শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় সেখানে।
পরে কলেজ মিলনায়তনে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার প্রমুখ।