নীলফামারী প্রতিনিধি।। নীলফমারীতে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল এবং দরিদ্র ও অসহায় পরিবারের মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেছে নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতি।
সোমবার দুপুরে জেলা শহরের মমতাজ মহল সড়কস্থ পৌর হাজী কল্যাণ সমিতি কার্যালয়ে এসব শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান।
নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ময়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস সোবহান জানান, প্রতি বছরের ন্যায় নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে শীত নিবারণের জন্য পৌর শহরের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সাড়ে চারশত পিস কম্বল বিতরণ করা হয়। এছাও একই অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারের নয়জন মেধাবি শিক্ষার্থীর প্রত্যেকের হাতে শিক্ষা বৃত্তির তিন হাজার করে নগদ টাকা তুলে দেয়া হয়।