জয়পুরহাট প্রতিনিধি।। তান্ত্রিক চিকিৎসার নামে প্রতারনা করার অভিযোগে সদর উপজেলার দূর্গাদহ বাজার থেকে এক তান্ত্র্রিক কবিরাজকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্যরা । আজ শুক্রবার ভোর রাতে ফিরোজ মন্ডল (৫৫) নামে ওই প্রতারক কবিরাজকে আটক করা হয় বলে র্যাব জানিয়েছে। আটক ফিরোজ সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে।
র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর মোস্তফা জামান জানান, ফিরোজ দীর্ঘ দিন ধরে বিভিন্ন অ লের সহজ সরল মানুষদের ঝারফুঁকের মাধ্যমে কবিরাজী চিকিৎসা দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মধ্যপালি গ্রামের মতিউর রহমানের স্ত্রী রাবেয়া বেগমকে ঝাড়ফুক দিতে তার বাসায় আসেন অভিযুক্ত ফিরোজ মন্ডল ও তার দুইজন সহযোগী । এরপর চিকিৎসা দেওয়ার নামে রাবেয়া বেগমকে ঝাড়ফুক দিয়ে বেহুশ করে তার কাছ থেকে স্বর্ণের আংটি ও স্বর্ণের কান পাশা নিয়ে চম্পট দেন অভিযুক্তরা। পরবর্তীতে জ্ঞান ফিরে রাবেয়া প্রতারনার বিষয়টি বুঝতে পারলে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ দেন।
একই ক্যাম্পের উপ-অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা’র নেতৃত্বে র্যাব সদস্যরা ফিরোজ মন্ডলকে দুর্গাদহ বাজার এলাকা থেকে গ্রেফতার করে, আর র্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যান। পরে ফিরোজের বাড়ি থেকে চুরি করা মামলামাল উদ্ধার করা হয়।