সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উদ্ধারকারী (রিলিফ) একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি মেরামতের লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানার নিয়ে যাওয়ার সময় সময় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের বোনারপাড়া থেকে রেলওয়ে কারখানা নিয়ে যাওয়ার পথে সৈয়দপুর স্টেশনের দক্ষিণ প্রান্তে ইয়ার্ড লাইন থেকে ট্রেনটি লাইনচ্যুত হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত উদ্ধারকারী ৩৪০০১ নং ট্রেনটি ব্রিটিশ আমলের তৈরি। এটি মেরামতের উদ্দেশ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিয়ে যাওয়ার পথে উল্লেখিত স্থানে লাইনচ্যূত হয়। পরে দিনাজপুরের পার্বতীপুর থেকে ৫৫০ নং উদ্ধারকারী একটি ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় রেলওয়ের এক কর্মকর্তা জানান, ইয়ার্ড লাইনগুলো দীর্ঘদিন থেকে এক রকম অরিক্ষিত হয়ে পড়ে আছে। লাইনে নেই কোনো পাথর। এছড়া স্লিপার ও স্লিপারে আটকানো ক্লিপও উধাও হয়ে গেছে। এতে করে লাইনগুলো ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই প্রায় এ রকম দূর্ঘটনা ঘটছে।
সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধা জানান, ইতিমধ্যে লাইনগুলোর সংস্কারে দরপত্রের কাজ সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই সংস্কার কাজ শুরু হবে।