সিসি নিউজ ডেস্ক।। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় প্ল্যান্টের ভেতরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অক্সিজেন প্ল্যান্টের ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ প্ল্যান্টের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে। নিহত একজনের নাম শামসুল হক শামসু (৫০) বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করেছে। এখনো প্ল্যান্টের শেডের ভেতরে কয়েকজন আটকে রয়েছে। তাঁদের উদ্ধারে কাজ চলছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানিয়েছেন, দগ্ধ ৩০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
এর আগে আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমরসুলপুর (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউ কোনো তথ্য জানাতে পারেননি।
৭ সদস্যের তদন্ত কমিটি
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলপুর (কেশবপুর) এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের তরফ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তরফ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
উৎস: আজকের পত্রিকা