সিসি নিউজ ডেস্ক।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ রেললাইনের ওপর অবস্থান নিয়ে রেল অবরোধ করেছেন। আজ রোববার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন তাঁরা। পরে রেললাইনের স্লিপার খুলে ফেলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন ঢুকছে না। কোনো ট্রেন রাজশাহী থেকে বেরও হতে পারছে না।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, রাত ৭টা ৫০ মিনিটের দিকে আমরা খবর পাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুকলা রেলগেটে গাছের গুড়ি ফেলে আগুন লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর থেকে আমরা ট্রেন চলাচল বন্ধ রেখেছি। এতে ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে হরিয়ান স্টেশনে আটকে আছে। এছাড়া রাত সাড়ে ৯টায় রাজশাহী থেকে বাংলা বান্ধা ও ধূমকেতু এক্সপ্রেস ট্রেন দুটি সঠিক সময়ে ছাড়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
উৎস: আজকের পত্রিকা