সিসি নিউজ।। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষে নীলফামারীতে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স’ হয়েছে। ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার আয়োজনে অন্যান্য ব্যাংকের সহযোগিতায় ওই কনফারেন্স হয়।
কর্মসুচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা অডিটোরিয়াম চত্বরে বেলুন উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন করা হয়। এর পর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা অডিটেরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংক রংপুরের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম।
সভাপতিত্ব করেন, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। বক্তৃতা করেন, বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক মো. জামাল উদ্দিন, সোনালী ব্যাংক নীলফামারী কার্যালয়ের উপ মহাব্যাবস্থাপক মো. ওয়াহেদুন নবী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নীলফামারী জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহিনুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি আশরাফি প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয়, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা রায় ও নীলসাগর ক্যাডেট একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র মো. আসাদুজ্জামান নবীন।
ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক আর্থিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে, শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ও আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র এবং পাঁচ শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।