
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার আওতাধীন শেরে বাংলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ভুক্তভোগী গোলাহাট এলাকাবাসীর ব্যানারে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০ টায় সংযোগ সড়কটির গোলাহাট পৌর এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন। তাঁরা সড়কটির দুরবস্তার জন্য পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন। দ্রুত সড়কটি সংস্কার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
ঘন্টাব্যাপী চলা ওই মানবন্ধন কর্মসূচীতে এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ, ইজিবাইক চালসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
স্বেচ্ছাসেবকলীগ সৈয়দপুর পৌর শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সৈয়দপুর পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গির আলম ডাবলু, সাবেক ছাত্রলীগ নেতা মো.বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ইজিবাইকচালক মুরাদ, ভুক্তভোগী সারফারাজ, শাকিল আহমেদ, সোনিয়া খাতুন, রিফাত হোসেন, দেলোওয়ার হোসেন, শিফাত আহমেদ প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন সাংবাদিক নওশাদ আনসারী।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর সৈয়দপুরের ইতিহাসে এমন অযোগ্য মেয়র আর দেখেনি পৌরবাসী। যিনি শহর উন্নয়নের বিন্দুমাত্র আন্তোরিক নন। শুধু আনো আর খাও এই নীতিতে চলছেন তিনি। অবিলম্বে মেয়রের পদত্যাগ দাবী করে তারা আরও বলেন, শেরেবাংলা সড়ক একটি গুরত্বপূর্ণ সড়ক। জেলার সাথে একমাত্র সংযোগ সড়ক এটি। এর আগে সড়কটি সংস্কারে প্রায় ৩১ লাখ টাক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু যেনতেনভাবে এ সড়কটি সংস্কার করায় ৬ মাস যেতেই সড়কটি পূর্বের চেহারায় ফিরে গেছে। এরপর শুধু আমরা রাস্তা সংস্কারের আশ্বাস পাচ্ছি কাজের কাজ কিছুই হচ্ছে না। আর এতে এলাকার জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ এটি একটি প্রথমশ্রেণির পৌরসভা। তামান্ন সিনেমা হল থেকে ওয়াপদামোড় পর্যন্ত দ্রুত চার কিলোমিটার সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে পৌরকার্যালয় ঘেরাওসহ এলাকাবাসী কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে।
এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও ফোন রিসিভ করেননি তিনি। তাই তাঁর মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।