ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডোমার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে শুরু হলো বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।
নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সভাপতিত্বে এসময় জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা আফরিন, ডা. মোঃ হযরত আলী মিয়াসহ চিকিৎসা কর্মকতা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডোমার উপজেলা হাসপাতালে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ১ জন মেডিকেল অফিসার সপ্তাহের ৬ দিন হাসপাতালে বিকেলে প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
এক্ষেত্রে জুনিয়র কনসালটেন্ট চিকিৎসকদের ৩০০ টাকা ও মেডিকেল অফিসারদের ২০০ টাকা সরকার নির্ধারিত ফি প্রদান করতে হবে সেবা প্রত্যাশী রোগীকে।