সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের কবল থেকে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশনসহ দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কের একটি গোডাউনে এ আগুনের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে দমকলবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যরা তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা হয়। তা নাহলে ঢাকার বঙ্গবাজারের আগুনের মতো ঘটনা ঘটতো সৈয়দপুরেও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘিঞ্জি ও বাণিজ্যিক শহর সৈয়দপুরের একটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে বঙ্গবন্ধু সড়ক। এ সড়কের দুই পাশে ওষুধ, সিমেন্ট, রড, মেশিনারীজ, অভিজাত হোটেল রেস্তোরাঁ, ফিলিং স্টেশন, সাইকেল পার্টস ও ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন রকমের দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সড়কের মেসার্স নিশাত ফিলিং স্টেশন সংলগ্ন আল ফারুক ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। ওই গোডাউনের ভেতরে বাইসাইকেল টায়ার, খুচরা যন্ত্রাংশ, কেমিক্যাল ও দাহ্য পদার্থের সিলিন্ডারসহ বিভিন্ন রকম মালামাল রক্ষিত ছিল। আগুনের খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলমের নেতৃত্বে এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোডাউন ঘরের সার্টার ও টিন কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে না করলে আশেপাশের কয়েক শত বিভিন্ন রকম ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাঁই হয়ে যেত। ঢাকার বঙ্গবাজারের পুনরাবৃত্তি ঘটতো সৈয়দপুরেও। আর এতে ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা সর্বস্ব হারিয়ে পথে বসতো।
সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম জানান, বঙ্গবন্ধু সড়কের বিপুল সংখ্যক দোকানপাট বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। কারণ ওই গোডাউনে সিলিন্ডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ রাখা ছিল। অথচ আগুন নিয়ন্ত্রণে ওই গোডাউনে গ্যাস সিলিন্ডার কিংবা বিকল্প কোন রকম ব্যবস্থা ছিল না। তবে আগুন লাগার সঠিক কারন জানার জন্য তদন্ত করছেন বলে জানান তিনি।।