সিসি নিউজ।। নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচিতে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কাযালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি গার্ডেনে আয়োজিত লোকজ মেলায় মিলিত হয়। কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
এসময় ডিসি গার্ডেনের লোকজ মেলায় আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষণ কুন্ডু প্রমুখ।
পরে সেখানে (ডিসি গার্ডেনে) শিশুদের কুইজ, রচনা, চিত্রাঙ্কন প্রযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ঘুঁড়ি উড়ানোর উৎসব।
দিনটিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় জেলা প্রশাসন জাদুঘর, নীলসাগর, ডিসি গার্ডেনসহ বিভিন্ন প্রত্নতাত্বিক ও বিনোদন স্থানসমূহ। এসব স্থানে শিশু-কিশোর, ছাত্র-ছাত্রি, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা ব্যক্তিদের জন্য রাখা হয় বিনা টিকেটে প্রবেশের ব্যবস্থা।
সুধি সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেয় এসব কর্মসূচিতে।