সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক পরিরারের কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রতারক চক্রের নারী সদস্য আদুরী আকতার খুশবুকে (২০) আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে ভুক্তভোগীরা। আটক খুশবু সৈয়দপুর শহরের গোলাহাট ১নং অবাঙ্গালী ক্যাম্পের মো. কাল্লু মিয়ার মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশের মতো নীলফামারীর জেলার সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ কাজ চলছে। আর এ আশ্রয়ণ প্রকল্পে ঘর পাইয়ে দিতে সৈয়দপুর শহরে একটি প্রতারক চক্র গড়ে উঠেছে। ওই প্রতারক চক্রের মধ্যে বেশ কয়েকজন নারী সদস্য রয়েছে। এদের মধ্যে সক্রিয় সদস্য হচ্ছে খুশবু।
চক্রের সদস্য খুশবু সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের কর্মী পরিচয় দিয়ে শহরের বিভিন্ন পাড়া মহল্লার বাসায় বাসায় যায়। এরপর যেসব অসহায় ও দুস্থ পরিরার ভাড়ায় থাকেন এবং যাদের নিজের বসত ভিটা কিংবা বাড়ি নেই তাদের খোঁজ খবর নিতে থাকেন। তাদের মধ্যে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পাইয়ে দেয়ার প্রলোভন দেয়। এতে যারা আগ্রহ দেখান তাদের একটি বরাদ্দ পত্রের ফরম সরবরাহ করে চক্রটি।
পরর্বতীতে তাদের সঙ্গে ১ এক হাজার ৫শ’ টাকার বিনিময়ে একটি ঘর পাইয়ে দিতে মোখিক চুক্তি করে। এসময় তাদের কাছে জাতীয় পরিচয়পত্রের কপি, পরিবারের গ্রুপ ছবি ও নগদ এক হাজার পাঁচ শত টাকা গ্রহন করা হয়। এভাবে শহরের রসুলপুর, হাওয়ালদারপাড়া, পুরাতন বাবুপাড়া, বাংলা হাই স্কুল মাঠ এলাকার শতাধিক অসহায় দু্স্থ পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এমনকি অসহায় দুস্থ মানুষের মধ্যেই আস্থা অর্জনে তাদের অনেকের হাতে ঘরের চাবিও তুলে দেওয়া হয়।
সর্বশেষ আজ বুধবার (১৮ এপ্রিল) প্রতারক চক্রের সদস্য আদুরী আকতার খুশবু আরো কিছু অসহায় দুস্থ মানুষের কাছ থেকে টাকা নিতে পুরাতন বাবুপাড়ায় যান। এ সময় সেখানে তার কথাবার্তায় অসংলগ্নতা পেয়ে এলাকার লোকজনের মনে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক গোলজার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে প্রতারক চক্রের ওই নারী সদস্যকে আটক করে থানায় নেয়।
রসুলপুর এলাকার গৃহবধূ ছোনী আকতার বলেন, প্রতারক চক্রের প্রলোভনে পরে ঋণ করে দেড় হাজার টাকা দিয়েছি। আমাকে পোড়ারহাটের আশ্রয়ণ প্রকল্পের ৩৫ নং ঘরের একটি চাবি হস্তান্তর করেছে। যা ঈদের পরে ঘরে বসবাস করতে পারবো বলে জানায় খুশবু।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রতারক চক্রের নারী সদস্যকে আটকরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ ও আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।