এস.এম.রকি, খানসামা (দিনাজপুর)।। দিনাজপুরের খানসামা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নিয়মশৃঙ্খলা না থাকার প্রতিবাদে নির্বাহী কমিটির ৫ সদস্য পদত্যাগ করেছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল বরাবর একটি লিখিত পত্রে ৫ সদস্যের স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেয়া হয়।
পদত্যাগকারীরা হলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক সুজন শেখ।
পদত্যাগকারী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজার রহমান জানান, প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বেচ্ছাচারি ও অসাংগঠনিক কার্যক্রম করে আসছে। এতে আমাদের পেশাদারিত্বে সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক সিকান্দার আলী কাবুল পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, পদত্যাগ পত্রটি আমরা হাতে পেয়েছি। তারা তাদের স্ব-ইচ্ছায় পদত্যাগ করেছে। তবে তারা আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে পদত্যাগ করেছে সেগুলো সত্য নয়। আমরা পরবর্তীতে আলোচনা করে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাবো।
উল্লেখ্য, ২০০৫ সাল থেকে নির্বাচন ব্যতিরেকে খানসামা প্রেসক্লাবের সভাপতি হিসেবে মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সিকান্দার আলী কাবুল দায়িত্ব পালন করে আসছেন।