সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলার সড়ক দূর্ঘটনায় দুর্লভ চন্দ্র রায় (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার খুটামারা ইউনিয়নের খোকার বাজার নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত যুবক একই ইউনিয়নের পশ্চিম খুটামরা বারাইপাড়া গ্রামের দীপক চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্লভ চন্দ্র রায় একটি বেসরকারি সংস্থায় চাকুরির পরীক্ষা জন্য সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সৈয়দপুর উপজেলা শহরের দিকে রওনা হন। পথে খোকার বাজার নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচ হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো- ব-১৪-৭০৮৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর বাসটিকে আটক করেছে পুলিশ।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। বাসটি জলঢাকা থানায় আটক আছে।’