সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বড়ভিটা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। তার আনুমানিক বয়স ৬৫ বছর।
এলাকাবাসী জানায়, শুক্রবার জমিতে ধান কাটার কাজে গেলে ওই বাজারে পাশে চাতাল সংলগ্ন একটি পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখেন কয়েকজন কৃষক। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে বেলা ১২টার দিকে এসে লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬৫বছর। বাজারে তাকে মাঝে মধ্যে ভিক্ষা করতে দেখেছেন অনেকে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পায়খানা প্রসাব করার জন্য পুকুর পাড়ে যান তিনি। এরমধ্যে পা পিছলে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তাকে ভিক্ষা করতে দেখেছেন এরকম দুই একজন বলেছেন। সনাক্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার জেলার মর্গে লাশ পাঠানো হবে।’
তিনি জানান, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিৎ হওয়ার জন্য পিবিআই, সিআইডি, ক্রাইমসিন কাজ শুরু করেছে।