সিসি নিউজ।। বেতন বন্ধ, বিদ্যুৎ বিচ্ছন্নসহ নানা সংকটে এক মাস বন্ধ থাকার পর আবার চালুর ৫ দিন পর বিশ্বের একমাত্র নীলফামারীর সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতালর জেনারেটর চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের দেয়াল ও তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে। গত রোববার বিষয়টি নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিত চুরির এ ঘটনা ঘটানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সব দিক রাউন্ড দিয়ে সে ঘুমিয়ে পড়েন নিরাপত্তারক্ষী মারুফ হোসেন। পরের দিন শনিবার সকালে ওঠে দেখেন বাউন্ডারি ওয়াল ও জেনারেটর রুমের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। পরে দেখেন সেখানকার জেনারেটরটি নেই। তাৎক্ষণিক ঘটনাটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মান্না চক্রবর্তীকে জানান মারুফ হোসেন।
ডা. মান্না চক্রবর্তী বলেন, বর্তমানে হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জেনারেটর ব্যবহার করে হাসপাতাল চলছে। শনিবার সকাল ৮টার দিকে হাসপাতালের নিরাপত্তারক্ষী মারুফ হোসেন আমাকে মোবাইলে জানান যে, হাসপাতাল ভবনের পেছনে জেনারেটর রুম থেকে রাতের বেলা কে বা কারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জেনারেটরটি চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি জেনারেটর রুমের তালা ভাঙা ও জেনারেটরটি নেই।
হাসপাতালের পরিচালক রাকিবুল ইসলাম তুহিন বলেন, হাসপাতালটি নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে আসছে। এরই অংশ হিসেবে সঠিকভাবে পরিচালনায় বিঘ্ন ঘটানোর জন্য পরিকল্পিতভাবে এই চুরির ঘটানো হয়েছে।
উল্লেখ্য হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারীদের ৯ মাস ধরে বেতন-ভাতা বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বসহ নানা সমস্যায় ধুঁকে ধুঁকে চলার পর গত ৮ মে দুপুরে হাসপাতালটির পুরো কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওইদিন হাসপাতালের অস্থায়ী আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মান্না চক্রবর্তী হাসপাতালটির পরিচালকে চিঠি দিয়ে এর চিকিৎসা কার্যক্রম বন্ধ ঘোষনা করে হাসপাতাল ত্যাগ করেন। সেদিন থেকেই হাসপাতালের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে হাসপাতাল সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হলে সংকট সমাধানে আলোচনা করে গত ১২ জুন থেকে ফের হাসপাতালটি চালু করা হয়।