
সিসি নিউজ।।নীলফামারীর সৈয়দপুর পৌরশহরের বস্তি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক পথনাটক পরিবেশিত হয়েছে। রোববার সকাল সাড়ে দশটায় পৌর শহরের হাতিখানা ক্যাম্প এলাকার ইমামবাড়া চত্বরে ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্পের শিখন কেন্দ্র স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসির শিক্ষার্থীরা এ পথনাটক পরিবেশন করেন।
কাপ-আপ প্রকল্পের কালচারাল ইন্সট্রাক্টর অলিরাজ রেজা’র রচনা ও পরিচালনায় “মইরমের বিয়ে” নাটকে অভিনয় করেন ওই কেন্দ্রের শিক্ষার্থীরা। বাল্যবিবাহের ফলে একজন নারীর শারীরিক, মানসিক ও সাংসারিক সমস্যা, প্রসবকালীন ও প্রসব পরবর্তী সময়ে নিজের ও সন্তানের শারীরিক সমস্যার চিত্র এ পথনাটকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন ক্ষুদে শিক্ষার্থীরা।
পথনাটকটি দেখতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ইয়াসমিন পারভীন, ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আসাদুল্লাহ, টেকনিকাল অফিসার জয়নাল আবেদীন, সুপারভাইজার আকাইদ মোল্লা, স্বপ্নসিঁড়ি ডাম ইউসিএলসি পরিচালনা কমিটির সদস্য কোষাধ্যক্ষ মোছা. বিন্দিয়া ও সদস্য মোছা. সানজিদাসহ প্রকল্পের শিক্ষকবৃন্দসহ
হাতিখানা ক্যাম্প এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পথনাটক পরিবেশনা বিষয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের সৈয়দপুর ফিল্ডের ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ জানান, সৈয়দপুরের বস্তি এলাকায় কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিয়ে হওয়ার প্রবণতা বেশি। এ সমস্যা উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ডের আওতায় শিখন কেন্দ্রের ক্ষুদে শিক্ষার্থীরা পৌরশহরের বিভিন্ন বস্তি এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে পথনাটক করেছে। আগামীতে প্রকল্পের আওতায় শহরের ৫ শিখন কেন্দ্রের শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরণের পথনাটক করবে।
উল্লেখ্য, আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে কাপ-আপ প্রকল্পের মাধ্যমে পৌরশহরের বস্তি এলাকায় পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে শিখন কার্যক্রম চলছে। শহরে ২৫ টি শিখন কেন্দ্রের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিখন কার্যক্রম বাস্তবায়ন করছে ঢাকা আহ্ছানিয়া মিশন।