সিসি নিউজ।। কাল সোমবার পহেলা জানুয়ারি। ইংরেজি নববর্ষ। বিশেষ দিনগুলোর মধ্যে এই দিনটির অপেক্ষায় থাকে ফুল বিক্রেতারা। কিন্তু ক্রেতা সংকটের কারণে এবার মুখে হাসি নেই সৈয়দপুরের ফুল ব্যবসায়ীদের। জেলার মধ্যে সবচেয়ে বেশি ফুলের দোকান রয়েছে সৈয়দপুরে। এ শহরে বিমানবন্দর থাকায় অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা নিয়মিত আসা-যাওয়া করে থাকে। ফলে জেলা সদরের বাইরে সৈয়দপুরে গড়ে উঠেছে বেশ কিছু ফুলের দোকান।
ইংরেজি নববর্ষ উপলক্ষে এবার ফুলের দোকানগুলোতে প্রচুর ফুলের আমদানি থাকলেও দোকানগুলো ক্রেতাশূন্য। ফলে চরম লোকসানের আশঙ্কায় রয়েছে ফুল ব্যবসায়ীরা। সরেজমিনে রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের ’পাপন ফুল বিতান’ নামক ফুলের দোকান ঘুরে দেখা যায়, এ দোকানে রয়েছে গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাসসহ বিভিন্ন প্রজাতির ফুল।
তবে দোকানে প্রচুর ফুলের পসরা থাকলেও আশানুরূপ ক্রেতা নেই দোকানে। অন্যান্য দোকানগুলোতে একই অবস্থা দেখা যায়। ফলে এবারে জেলায় ৪/৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন বিক্রেতারা।
সৈয়দপুর শহরের বিশিষ্ট ফুল ব্যবসায়ী মবিনুল ইসলাম বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে নিজের বাগান ও যশোর থেকে অর্ধ লাখ টাকার ফুল এনেছি। কিন্তু ক্রেতা অনেক কম। তিনি জানান, প্রতি পিস গোলাপ ও রজনীগন্ধা ১৫ টাকা, গ্লাডিওলাস ও জারবেরা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল ইংরেজি নববর্ষে (১ জানুয়ারি) কিছু ফুল বিক্রি হতে পারে বলে আশা করেন তিনি।