ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ডালিয়া-তিস্তা ব্যারেজ সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে । এ সময় অন্য ট্রাকটির চালক গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া এলাকার তিস্তা কলেজের সামনে এই ঘটনা ঘটে।
নিহত চালক হলেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী এলাকার রমজান আলীর ছেলে মো. মামুন ইসলাম (৩৫)। এই ঘটনায় আহত হন অন্য ট্রাকের চালক সোনামিয়া (৩৩)। তিনি হাতিবান্ধা উপজেলার নিজ শেখসুন্দর এলাকার বাসিন্দা।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, ডালিয়া-তিস্তা ব্যারেজ সড়কের তিস্তা কলেজ এলাকায় ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এরমধ্যে একটি হাতিবান্ধা ও অন্যটি জলঢাকা উপজেলামুখী ছিল। দুর্ঘটনায় হাতিবান্ধামুখী ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। অন্য ট্রাকটির চালক গুরুতর আহত। তাকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর হাসপাতালে নিয়ে গেছেন।
খবর পেয়ে ডিমলা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মরদেহ উদ্ধার। তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।