সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মোছা: সুরজাহান (৩০) নামে এক নারী শ্রমিক গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সুরজাহান নীলফামারীর সদরে অবস্থিত উত্তরা ইপিজেডের এভারগ্রীন ফ্যাক্টরির সেকশন সেভেনের একজন কর্মী ।
তিনি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নাজমুল শাহের স্ত্রী। তার নাজমুন নাহার (১৩) ও সুজাত (৮) নামে ছোট দুই ছেলে-মেয়ে রয়েছে।
এ ব্যাপারে নাজমুল শাহ গত বৃহস্পতিবার রাতে সৈয়দপুর থানায় একটি নিখোঁজের ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি (তদন্ত) এস এম রাসেল পারভেজ।
সুরজাহানের স্বামী নাজমুল শাহ জানান, তার স্ত্রী প্রায় ৪ বছর ধরে ওই ফ্যাক্টরিতে কাজ করছেন। প্রতিদিনের ন্যায় গত রোববার সুরজাহান কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসেনি। অনেক খোজাখুজির পরও কোনো হদিস না পেয়ে সৈয়দপুর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করি। আমার ছোট দুই ছেলে-মেয়ে তার মায়ের জন্য সারাদিন কান্নাকাটি করছে। ছেলে-মেয়ের মুখের দিকে আর তাকাতে পারছিনা।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি এস এম রাসেল পারভেজ বলেন, নিখোঁজ নারী শ্রমিককে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।