সিসি নিউজ ডেস্ক।। খুলনার ডুমুরিয়ায় মাটিবাহী ডাম্প ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী–শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের খুলনা–সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাব্বির মোড়ল (২৫), শোভনা ইউনিয়নের জিয়েরতলা গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (২৮), বিশ্বজিতের ৬ বছরের শিশুকন্যা অন্বি বিশ্বাস, বিশ্বজিতের শ্যালক অপু ঢালীর স্ত্রী নীপা ঢালী (২৫) ও নীপা ঢালীর মা বিলপাবলা গ্রামের অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫)।
তাঁদের মধ্যে সাব্বির মোড়ল, বিশ্বজিৎ বিশ্বাস, নীপা ঢালী ও অমরী ঢালী ঘটনাস্থলে এবং অন্বি বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় মারা যায়। গুরুতর আহত বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৫) ও শ্যালকের ছেলে অরজিতকে (৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নারী–শিশুসহ ৫ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ৩টার দিকে চুকনগর থেকে ইজিবাইকে ডুমুরিয়া উপজেলা সদরের দিকে যাওয়ার পথে খর্ণিয়া ইউনিয়নের খুলনা–সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় পৌঁছালে মাটি ফেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ডাম্প ট্রাক ইজিবাইককে সজোরে মুখোমুখি আঘাত করে। এতে ঘটনাস্থলেই সাব্বির মোড়ল, ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস, তাঁর শ্যালকের স্ত্রী নীপা ঢালী, নীপা ঢালীর মা অমরী ঢালী নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত বিশ্বজিতের শিশুকন্যা অন্বি বিশ্বাস, স্ত্রী অন্তিমা বিশ্বাস ও শ্যালকের ছেলে অরজিৎকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৫টায় অন্বি বিশ্বাস মারা যায়।
খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ বলেন, চারটি মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও একটি মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার খবর তিনি জেনেছেন। উৎস: আজকের পত্রিকা