সিসি নিউজ।। নীলফামারীতে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের কুফলগুলো তুলে ধরতে হবে সম্মিলিত ভাবে। এজন্য প্রচার প্রচারণার বিকল্প নেই। মাদকের বিরুদ্ধে পরিবার থেকে আন্দোলন শুরু করতে হবে।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘মাদকের বিরুদ্ধে সবাইকে ‘না’ বলতে হবে। কোথায় মাদক কেনাবেচা হয়, কে সেবন করে এটি চিহ্নিত করতে হবে। এজন্য সচেতনতা যেমন বাড়াতে হবে তেমনি মাদকের তথ্য থাকলে প্রশাসনকে জানাতে হবে’।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, গণমাধ্যম কর্মী এতে অংশ নেন।