সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সৈয়দপুরে সেনানিবাসে অবস্থিত অভিজাত এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারে শীর্ষে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে ২৪৭ জন পরীক্ষার্থী অংশ নেন। উর্ত্তীণ হয়েছে ২৪৬ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৫ জন। এছাড়াও এ গ্রেড ৭৮ জন, এ মাইনাস তিনজন এবং একজন পেয়েছে এফ গ্রেড।
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রতিষ্ঠানটি উপজেলায় শীর্ষ অবস্থানে রয়েছে। গত বছর এ প্রতিষ্ঠান থেকে ২২৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছিল ২২৩জন। আর জিপিএ-৫ পেয়েছিল ১২৩জন। পাশের শতকরা হার ছিল ৯৯.১১।সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ তাঁর তাৎক্ষনিক প্রতিক্রিয়া এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি জানান, প্রতিষ্ঠানটি কঠোর নিয়ম শৃংখলার মধ্যদিয়ে পরিচালিত হয়ে আসছে। এখানে প্রতিটি শ্রেণি কক্ষে শিক্ষক-শিক্ষিকারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদান করে থাকেন। আর তাই শিক্ষক- শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে। এদিকে ফলাফল প্রকাশিত হওয়ার আনন্দে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।