
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো: মারুফ হোসেন লাল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেল পৌনে ৪ টার দিকে শহরের হাতিখানা কবরস্থান সংলগ্ন স্থানীয় সরকারি বিজ্ঞান কলেজ চত্বরের একটি পাকুড় গাছের ডালে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। আজ বুদ্ধপূর্নিমা উপলক্ষে কলেজটি বন্ধ ছিল।
নিহত মারুফ শহরের হাতিখানা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। সে পড়ালেখা কিংবা তেমন কিছুই করত না। সৈয়দপুর থানার ওসি (তদন্ত) রাসেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের অভিযোগ, মারুফকে হত্যা করা হয়েছে।
নিহতের বড় ভাই ফারুক হোসেন জানান, ফারুফ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সরকারি বিজ্ঞান কলেজের ভিতরে গাছের ডালে একটি ছেলের মরদেহ ঝুলছে। সেখানে গিয়ে দেখেন মরদেহটি তার ভাই মারুফের। তার ভাইকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) রাসেল পারভেজ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।