সিসি নিউজ।। দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে তিনি কারখানা পরিদর্শণে আসেন। প্রধান বিচারপতি প্রথমেই শহীদদের স্মরণে নির্মিত অদম্য স্বাধীনতায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কারখানার বিভিন্ন বিভাগ ও ন্যারোগেজ ইঞ্জিন, রেলের জাদুঘর ও রানীর ভ্রমণের ঐতিহ্যবাহী সেলুন পরিদর্শন করেন তিনি।
এ সময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান, কারখানার কার্যব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি কারখানার ঐতিহ্য ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। কারখানায় রাখা রানীর সেলুনটি দেখেন এবং সেখানে অবস্থিত একটি আসনে বসে উপলব্ধি নেন। পরে রেলওয়ে কারখানার সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
রেলের উর্ধ্বতন কর্মকর্তারা মাল্টিমিডিয়ায় রেলওয়ে যাবতীয় কর্মকাণ্ড ও সরজমিনে নানা কর্মকান্ডের চিত্র তাঁর সামনে তুলে ধরেন। ১৮৭০ সালে প্রতিষ্ঠিত রেলওয়ের নানা কর্মযজ্ঞ দেখেন এবং স্বাধীনতা যুদ্ধে নিরীহ বাঙ্গালীদের ব্রয়লারের আগুনে ফেলে হত্যার ঘটনায় আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধান বিচারপতি।