সিসি নিউজ।। ঢাকাস্থ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন ৪.০-এর বিভাগীয় ও জাতীয় রাউন্ডের প্রতিযোগিতা।
গত ৩১ মে উক্ত প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে সারা বাংলাদেশের মধ্যে প্রথম রানার আপ হয়ে আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণের গৌরব অর্জন করে নাজিবা ইসলাম। সে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভেন্যু প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আবুল কাশেম মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস অ্যাম্বাসী, ঢাকা এর ভারপ্রাপ্ত ডেপুটি মিশন চিফ স্টিফেন আইবেল।
ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রামটির আয়োজক হিসেবে ছিল গ্লোবাল ইনোভেশন এন্ড লিডারশিপ সেন্টার এবং ইউএস স্টেট এ্যালাইনাই কর্তৃক গঠিত জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
প্রতিযোগিতাটি ৪টি ক্যাটাগরিতে জেলা পর্যায় থেকে শুরু হয়। নীলফামারী জেলায় ৩০০ জন প্রতিযোগির মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫ জন শিক্ষার্থী বিভাগীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরে জাতীয় রাউন্ডে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এক জন শিক্ষার্থী জুনিয়র গ্রুপে ১ম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি ক্যাটাগরিতে এ বছর ৩ জন করে সারা দেশে থেকে সর্বমোট ১২ শিক্ষার্থী আগামী জুলাই মাসের ২৮ তারিখ মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রাউন্ডে অংশগ্রহণ করবে।
নাজিবা ইসলাম একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত সংগীত, নৃত্য, বিতর্ক, চিত্রাঙ্কন, বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে। কৃতি শিক্ষার্থী নাজিবা ইসলামের মা অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোছা. মেরিনা বেগম এবং বাবা সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম। নাজিবা ইসলাম চূড়ান্ত সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নাজিবা ইসলামের এ ফলাফল আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক সুনাম বয়ে এনেছে। আমি আশাবাদী প্রতিযোগিতার আন্তর্জাতিক রাউন্ডে সে তাঁর সফলতা ধরে রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য যে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ইতিপূর্বে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে একাধিকবার পুরস্কার পেয়েছে। আন্তর্জাতিক পরিমন্ডলেও রয়েছে অনেক কৃতিত্ব। যেমন ইন্টারন্যাশনাল স্কুল এওয়ার্ড, গ্রীনিচ বুক অব ওয়াল্ড রেকর্ড এওয়ার্ড, টপিকাল টপ ফেস্টিভ্যাল ২০২৪ এর গ্লোবাল ডিসকাশন স্টুডেন্ট এওয়ার্ড, বাংলা একাডেমি আয়োজিত ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার-এ বেস্ট কস্টিউম এওয়ার্ড-২০২১ অর্জণ করেছে।