সিসি নিউজ।। নীলফামারী জেলার ডোমারে ১ হাজার ৯০০ কৃষক পাবে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি বিভাগের আয়োজিত বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আক্তার সুমি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখপোধ্যায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ – রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন হলো। এ কর্মসূচিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৯০০ কৃষক ১০ কেজি ড্যাপ, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি করে আমন ধানের বীজ পাবে।