সিসি নিউজ।। নীলফামারীতে কোটাসংস্কার আন্দোলনে সহিংসতার মামলায় জামিন পেল তিন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মো. গোলাম সারোয়ার ওই জামিন আবেদন মঞ্জুর করেন।
তারা হলেন, জেলা সদরের হারোয়া বাশিহারা গ্রামের মো. সম্রাট আলীর ছেলে মো. নিবির ইসলাম (১৬), জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের আব্দুল কুদ্দুস আলীর ছেলে মামুন ইসলাম (১৭) ও একই ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মো. মাহবুল ইসলামের ছেলে মিম ইসলাম (১৭)। নিবির ইসলাম নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। অপরদিকে মামুন ইসলাম ও মিম ইসলাম এবার এইচএসসি পাশ করে সদ্য কলেজে ভর্তি হয়েছে।
গত ১৮ জুলাই নীলফামারীতে কোটাসংস্কার আন্দোলনে নেমে জেলা প্রশাসকের কার্যালয়, চৌরঙ্গীমোড়ে ট্রাফিক পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় আন্দোলনকারীরা। এসময় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন। এঘটনায় ১৯ জুলাই সদর থানার এসআই মো. বেলাল হোসেন বাদী হয়ে ১৬ জন নামীয়সহ অজ্ঞাত দুই হাজারের অধিক আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় নামীয় ১০জনসহ মোট ১৭জন গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বেশিরভাগের বয়স দেখানো হয়েছে ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।
সত্যতা নিশ্চিৎ করে ওই তিন শিক্ষার্থীর আইনজীবী মো. নূর আসাদুজ্জামান ও মো. জুলফিকার আলী জানান, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মধ্যে ওই তিন শিক্ষার্থীর পরিবার তাদের সন্তানরা অপ্রাপ্ত বয়স্ক দাবি করে গত ২৫ জুলাই নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ জামিনের আবেদন করেন। মঙ্গলবার ওই আবেদন শুনানী শেষে বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।