• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা

সিসি নিউজ।। নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় নিহত আবু তাহের ও ওসমান গণির পরিবারের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার দুটিকে পাঁচ লাখ করে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা বিআরটিএ সূত্র জানায়, চলতি বছরের ২০ মার্চ জেলা সদরের জোড়দরগা এলাকায় পিকআপের ধাক্কায় আবু তাহের ও ১২ জানুয়ারী ইটাখোলা চৌধুরীপাড়া এলাকায় মায়ার মোড় নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় ওসমান গণি নামের দুই ব্যক্তি নিহত হন। চেক বিতরণ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটি-এর সহকারী পরিচালক শফিকুল আলম সরকার, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) জ্যোতির্ময় রায়, জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মো. আরেফ রব্বানী মানিক, জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘অনেকেই জানেন না সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে সরকারের পক্ষ থেকে পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহত ব্যক্তিকে যত দ্রুত দাফন কার্য সম্পন্ন করতে চায় পরিবার। কিন্তু বিধি মোতাবেক প্রক্রিয়া সম্পন্ন করা হলে নিহতের পরিবার আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এ সহায়তা কখনও নিহত ব্যক্তির শূন্যতা পূরণ করতে পারবে না’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ