সিসি নিউজ।। নীলফামারীতে ক্লিন এনার্জি দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মানববন্ধনে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি শামীমা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন একটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সহসমন্বয়ক জিয়াউল খান, সদস্য বাসুদেব অধিকারী, বেসরকারি সংগঠন ওবিএটি হেল্প্রেস এর সৈয়দপুর প্রতিনিধি মো. ওয়সিম আকরাম, ইয়ুথ এনগেজমেণ্ট এ- সাপোর্ট (ইয়েস) দলনেতা মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।
বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে আমদানী নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিনির্ভরতা কমানোর দাবি জানান। পাশপাশি বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ খাতে কৌশলগত অগ্রাধিকার ও সুশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। কর্মসূচিতে সনাক, ইয়েস ও এসিজির সদস্যরা অংশগ্রহন করেন।