সিসি নিউজ।। নীলফামারীতে ঈদ উপলক্ষ্যে অসহায় দুস্থদের মাঝে সরকারের ভিজিএফ কর্মসুচীর আওতায় চালের পরিবর্তে টাকা বিতরন করা হয়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগি ও এলাকাবাসী সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। ঘটনাটি ঘটেছে জেলার জলঢাকা উপজেলার ৬নং শিমুলবাড়ী ইউনিয়নে।
জানা যায়, ওই ইউনিয়নে সরকারের পক্ষ হতে ৩,৭৭৫ টি পরিবারের মাঝে প্রত্যক পরিবারকে ১০ কেজি করে ৩৭,৭৫০ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। গত ১৭ ও ১৮ মার্চ এ চাল বিতরনের দিন নির্ধারিত করা হয়। নির্ধারিত দিনে কিছু কিছু কার্ডধারীদের মাঝে চাল বিতরন করা হলেও প্রায় ৩ শতাধিক কার্ডধারীকে পরেরদিন চালের পরিবর্তে ২৫০ টাকা করে বিতরন করা হয়। কার্ডধারীগন এর প্রতিবাদ করলে প্যানেল চেয়ারম্যান ও অপরাপর সদস্যগন ইউপি ভবন থেকে সটকে পরে।
এ ঘটনার বিচার চেয়ে আজ বৃহস্পতিবার ভুক্তভোগিরা ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী আবু সাইদ, আনোয়ারুল, এলাকাবাসীর লিয়াকত আলী খান, মন্জুরুল ইসলাম মিন্টু, রুবেল হোসেন প্রমুখ। বক্তারা দূর্নীতিবাজ ও আওয়ামীলীগের দোসর প্যানেল চেয়ারম্যান সুবাস চন্দ্রের বরখাস্ত দাবী করেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
চাল বিতরণের দায়িত্বে থাকা জলঢাকা উপজেলা সহকারী পাট কর্মকর্তা প্রীতম কুমার জানান, কিছু কার্ডধারী চাল পাননি বলে পরে শুনেছি। তবে বিতরণের দিনে আমি সাড়ে তিনটা পর্যন্ত ইউনিয়ন পরিষদের ভেতর থেকে কার্ডধারীদের চাল বিতরন করে চলে এসেছি এর পরের খবর জানি না।
এ ব্যাপারে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়েদ ইমরুল মোজাক্কির জানান, চালের পরিবর্তে টাকা দেয়ার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করবো।