সিসি নিউজ।। নীলফামারীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মার্জিয়া আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি জেলা শহরের অদুরে নীলফামারী-রামগঞ্জ সড়কে মডেল মসজিদের সামনে ঘটে।
নিহত মার্জিয়া জেলা সদরের টুপামারী ইউনিয়ের পীরের মাজার শাহপাড়ার মোস্তাকীম শাহের মেয়ে। শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়তো সে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তার চাচা হাসু শাহের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়িতে ফিরছিল শিশুটি। এসময় পানির খেতে চাইলে মডেল মসজিদের সামনে সড়কের পাশে তাকে মোটরসাইকেলে বসিয়ে রেখে সামনের দোকান থেকে পানি আনতে যায় চাচা হাসু। সেই মুহুর্তে বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি।
এঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে উত্তেজিত জনতাকে শান্ত করে। মার্জিয়ার চাচা হাসু শাহ বলেন, ‘আজ স্কুলে ক্লাশ পার্টি ছিল তার (মার্জিয়া)। পার্টি শেষে দুপুর আড়াইটার দিকে তাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। পথে পানি খেতে চাইলে রাস্তার পাশে নিরাপদ দূরত্বে তাকে মোটরসাইকেলে বসিয়ে রেখে পানি আনতে যাই দোকানে। এরই মধ্যে ওই দুর্ঘটনাটি ঘটে’।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে ট্রাকটি থানায় নিতে চাইলে স্থানীয়রা নিজেদের হেফাজতে রাখে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে’।