
সিসি নিউজ।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাহফিলে বয়ানের সময় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মাওলানা ফরিদুল ইসলাম (৪০) নামের এক বক্তার মৃত্যু হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাওলানা ফরিদুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামার গোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। পাশাপাশি ঘোষপাড়া জামে মসজিদের পেশ ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।
জানা যায়, শনিবার রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া এলাকার একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে বয়ান শুরু করেন ফরিদুল ইসলাম। বয়ানের কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে ঢলে পড়েন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। খুবই দুঃখজনক ঘটনা। সোমবার বিকেলে পারিবারিক কবরস্থানে ওই বক্তার দাফন সম্পন্ন হয়েছে।