
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খেতুর বাজারে মোটরসাইকেলের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনাটি ঘটেছে রোববার সকালে। নিহত মোরছালিন (৪০) উপজেলার মধ্য কালিকাপুর বালাপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেতুরবাজার এলাকায় রাস্তার উপর দিয়ে পানির পাইপ দিয়ে আলু খেতে পানি দিচ্ছিলেন কৃষক। রোববার সকাল ৯টার দিকে যাত্রীসহ ভ্যানটি টেংগনমারীর দিকে যাচ্ছিল। এসময় অপর দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসার সময় পাইপটি পারাপারের সময় ভ্যান-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। এলাকাবাসী হাসপাতালে নেয়ার আগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।