সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনায় ভুক্তভোগী নারী বিবি জহুরার পাশে দাঁড়িয়েছে বিএনপি। ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রীকে তালাক দেয়। এ ঘটনায় আজ শনিবার বিকেলে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ জহুরার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সাথে দেখা করেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব এবং স্থানীয় নেতৃবৃন্দ জহুরা ও তাঁর শাশুড়ির সাথে আলাপকালে জানান, বিএনপি এই বিপদে জহুরার পাশে থাকবে। তাঁর সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ এবং প্রয়োজনে আইনি ও সামাজিক সকল সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির নেতারা। জহুরা জানান, জীবনের প্রথম ভোটটি ধানের শীষে দেওয়ার কারণেই তাঁর স্বামী তাঁকে মৌখিকভাবে তালাক দিয়েছিলেন।
ঘটনার পর জনরোষের মুখে অভিযুক্ত স্বামী ইসমাইল হোসেন কাওসার নিজের ভুল স্বীকার করেছেন এবং সন্তানদের কথা বিবেচনা করে পুনরায় সংসার করার ইচ্ছা প্রকাশ করেছেন। বর্তমানে জহুরা তাঁর তিন সন্তানসহ শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এবং তিনি ধর্মীয় ও সামাজিক সমাধানের মাধ্যমে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান চান।