সিসি নিউজ।। নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের সূচনায় রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা আইনজীবী সমিতি, জেলা পরিষদ, নীলফামারী পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, নীলসাগর গ্রুপ, নীলফামারী উন্নয়ন মঞ্চ, নীলসাগর আদর্শ বিদ্যাপিঠ, নীলফামারী প্রেসক্লাব, জেলা এনজিও ফেডারেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. আলফারুক আব্দুল লতীফ।
আজ শনিবার প্রত্যুষে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এসময় টিআইবির সচেতন নাগরিক কমিটিসহ এসব সংগঠন পুষ্পমাল্য অর্পন করে শহিদ মিনারে। এরপর জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন সংসগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।