সিসি নিউজ।। নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় চারটি যানবাহনের জরিমানা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বাইপাস সড়কে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও প্রসেনজিৎ দাস।
জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দ দুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ হর্ণ ব্যবহার করায় চারটি যানবাহনকে তিন হাজার টাকা জরিমানা ও পাঁচটি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ধ্বংস করা হয়। সচেতনতা বাড়াতে বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়েছে।