সিসি নিউজ ডেস্ক।। ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। পাথরের আঘাতে ট্রেনের এক নারী যাত্রী আহত হন। মঙ্গলবার সকাল ১১টার দিকে ট্রেনটি কসবা ও ইমামবাড়ি স্টেশনে মাঝামাঝি থাকার সময় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেন আখাউড়া ছেড়ে যাওয়ার কিছু সময় পর ‘ন’ বগির ৫১নং সিটে বসে থাকা যাত্রীর মাথায় এসে পাথর লাগে।
ট্রেনটি চলন্ত অবস্থায় বাইরে থেকে পাথর ছোড়া হয়। আহত যাত্রীকে ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রেনের সংশ্লিষ্টরা খবর পেয়ে ছুটে আসেন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারী কুমিল্লা স্টেশনে নেমে যান। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। রেলপথ অরক্ষিত, তাই সচেতনতা বাড়ানো জরুরি।