সিসি নিউজ ডেস্ক।। বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা করলো বগুড়া। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো বগুড়াবাসীর।
আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। বগুড়াবাসীর আজ খুশির দিন। এই শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে৷ নিজের ঘর নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে, বগুড়া শহরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে তিনি আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন ও জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন। পরে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে পৌনে একটায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সন্ধ্যায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।