
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সড়কে যানজট নিরসসন ও ফুটপাত দখলমুক্ত করতে দোকানপাটের অবৈধ বর্ধিত অংশ চিহ্নিত করে তা অপসরণ কর্মসূচী শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে এ কর্মসূচী বাস্তবায়নে মাপজোক শুরু হয়। ওইদিন শহরের পাচমাথা থেকে শুরু করে শহীদ তুলসীরাম আগারওয়াল সড়কের দুইপাশে অবস্থিত শতাধিক দোকান মাপজোকের মাধ্যমে দোকানগুলোর বর্ধিত অংশ চিহ্নিত করে তা অপসারণ করা হয়। এ সময় পৌর কর্মকর্তা, ব্যবাসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ জুন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে পৌরসভার সড়কে অবৈধ দোকানপাট ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলানো হয়। সেই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শহরের পাঁচমাথা সংলগ্ন সোহেল রানা মোড় পৌরসভার কর্মচারী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ৮ আহত হয়। ওই ঘটনায় ব্যবসায়ীরা কয়েক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একই ঘটনায় সৈয়দপুর পৌরসভার সামনে বিক্ষোভ করেন পৌরসভার কর্মচারীরাও। পরে ওইদিন রাতেই পরিস্থিতি নিয়ে পৌর কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে পৌর প্রশাসকের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সবার মতামতের ভিত্তিতে মাপজোক করে বরদ্দের বাইরে দোকানপাটের বর্ধিতাংশ চিহ্নিত করে তা অপসারণ, সংঘর্ষে অভিযুক্ত পৌরকর্মচারীদের চিহ্নিত করে তাদের শহর দায়িত্ব থেকে তাদের অব্যহতি দিয়ে অন্যত্র সংযুক্ত করাসহ শহর যানজট মুক্ত করতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।