• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

সিসি নিউজ।। দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে ক্ষুদ্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সঙ্গে আভ্যন্তরিনসহ অন্য জেলার সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রেখেছে তারা।
একই সঙ্গে শহরের প্রবেশপথে বাস রেখে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন শেখ বাদশার সহকর্মী শ্রমিকরা। তাদের অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে শত শত ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
দিনাজপুর কোতোয়ালি থানার ইনচার্জ নুর নবী বলেন, শেখ বাদশার বিরুদ্ধে আগে করা একটি মামলার সূত্র ধরেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তবে শেখ বাদশার স্ত্রী ও সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনি যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন, সে জন্য পরিকল্পিতভাবে তাকে একটি ভুয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইউনিয়নের নির্বাচনী তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন জমা দেওয়ার দিনেই শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দিনাজপুর শহর ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির পাশাপাশি যান চলাচলও অচল হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ