মানিকগঞ্জ : বিদ্রোহী প্রার্থী হওয়ায় মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২৪ জন চেয়ারম্যান প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জেলার হরিরামপুরের ১২টি ও দৌলতপুরের ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি উপজেলায় ২০টি ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪ জন নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-হরিরামপুরের বাল্লা ইউনিয়নের শফিকুল ইসলাম হাজারী শামীম, স্বপন কুমার ঘোষ, গোপিনাথপুরের মাহমুদুল হাসান মোল্লা, শওকত আলী মোল্লা জাহাঙ্গীর, গালা ইউনিয়নের জেপিএম সালাহউদ্দিন বুলবুল, আব্দুল মান্নান, হামিদুর রহমান শিকদার লেবু, চালা ইউনিয়নে মো. সেলিম মোল্লা, রামকৃৃষ্ণ ইউনিয়নে বজলুর রহমান, বয়ড়া ইউনিয়নে পবিত্র কুমার শাখারী, হারুকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান চুন্নু, সুতালড়ি ইউনিয়নের সেকেন্দার আলী বিশ্বাস ও আজিমনগরের মো. আরব আলী।
দৌলতপুরের চকমিরপুর ইউনিয়নের শফিকুল ইসলাম, ধামশ্বরের আব্দুল মজিদ প্রধান, হারুন কুদ্দুস, কলিয়ার জাকির হোসেন, আবুল হোসেন, আব্দুল বাতেন, বাঁচামারা ইউনিয়নের আব্দুল লতিফ, চরকাটারীর আব্দুল বারেক ও আইয়ুব আলী, জিয়নপুরের ইশারত আলী ও বাঘুটিয়ার তোফাজ্জল হোসেন।