ঢাকা: প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী এ পরোয়ানা জারি করেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ওই আদালতে মামলার আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরফান উদ্দিন খান।
গত ৪ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ৬ষ্ঠ পাতায় ‘অবসরের পরে রায় লেখা : এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় নতুন কাঁধে’ শিরোনামে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। বাদী দাবি করেন, এতে প্রধান বিচারপতিসহ তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে।
ওই আবেদন শুনে গত ২২ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত আতিক উল্লাহ খান মাসুদসহ তিনজনকে তলব করেন। ২১ মার্চ আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়।
ওই তলবের পরও সোমবার নির্ধারিত তারিখে তারা আদালতে না আসায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী আরফান উদ্দিন খান।
বিচারাধীন বিষয়ে বিচারকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিবন্ধ প্রকাশ করায় জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে গত অগাস্টে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে সাজা দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।